Logo

সারাদেশ

গাজীপুরে আ.লীগের আস্তানা সিলগালার আল্টিমেটাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮

অ
গাজীপুরে আ.লীগের আস্তানা সিলগালার আল্টিমেটাম

গাজীপুরে আওয়ামী লীগের আস্তানা সিলগালার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেল। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে আওয়ামী লীগের সব কার্যালয় ও বাসভবন সিলগালা করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনের আল্টিমেটাম দেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে 'ডেবিল হান্ট' নামে একটি অপারেশনের উল্লেখ করে তিনি জানান, প্রশাসন আওয়ামী লীগের সব আস্তানা সিলগালা ও হামলাকারীদের গ্রেপ্তরের প্রতিশ্রুতি দিয়েছে। যদি তা না করা হয়, তাহলে তারা নিজেরাই ব্যবস্থা নেবেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির গাজীপুর ও কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে রাজবাড়ী মাঠে জড়ো হওয়া শিক্ষার্থীরা দুপুর দেড়টায় রাজবাড়ী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। জয়দেবপুর রেলগেট থেকে ঘুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর সদর থানাধীন দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় গণপিটুনিতে ২০ জন শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার রাতে মোট ১৮ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।  বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমএএস/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন