Logo

সারাদেশ

খরস্রোতা তিস্তা যেন ‘মৃত নদী’

Icon

রাহেবুল ইসলাম টিটুল

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৭

অ
খরস্রোতা তিস্তা যেন ‘মৃত নদী’

ছবি : বাংলাদেশের খবর

বর্ষাকালের খরস্রোতা তিস্তাকে শীতকালে যেন চেনাই যাচ্ছে না। পানির কারণে ফুলে ফেঁপে ওঠা তিস্তা এখন পানির অভাবে শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। ভারতের এক তরফা পানি নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ অংশে তিস্তা এখন মৃতপ্রায়।

এ অবস্থায় হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। থেমে গেছে জেলে-মাঝিদের সংসার। উপার্জনের পথ বন্ধ হয়ে পড়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা বেষ্টিত মহিষখোচা গ্রামে গিয়ে দেখা গেছে, তিস্তা নদী পানিশূন্য। অথচ বর্ষায় পানির প্রবল স্রোতে পাড় ভেঙে নিয়ে যায়। এখন সেখানে কোনো পানি নেই। অনায়াসে মোটরসাইকেল চালিয়ে পার হওয়া যাচ্ছে এপার-ওপার। এ অবস্থায় দুর্ভোগে পড়েছে নদীকে কেন্দ্র করে চলা পরিবারগুলো। 

স্থানীয়রা বলেন, পানিভরা তিস্তায় আমাদেরও পেট ভরে। কিন্তু চলতি মৌসুমে নদীটি পানিশূন্য হয়ে পড়েছে। এতে আমাদের জীবনযাত্রায় বেশ কষ্ট হচ্ছে। উপার্জনের পথ পাচ্ছি না।  

জীববিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপক মো. ইমান আলী বলেন, ‘তিস্তা নদী উত্তরাঞ্চলের জীবনদায়িনী। এটি না থাকলে পুরো অঞ্চল শুষ্ক মরুভূমিতে পরিণত হয়ে যেত। তাই নদী রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।’

নদীগবেষক ড. তুহিন ওয়াদুদ আরও বলেন, ‘তিস্তা নদী ও অন্যান্য নদী রক্ষা না করলে জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলের মানুষ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারে।’

রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসি মো. মিজানুর রহমান জানান, তিস্তা নদী নিয়ে সরকারের নানা উন্নয়ন প্রকল্প রয়েছে। প্রতিবছর তিস্তা নদীর ভাঙনে সাধারণ মানুষের শত কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। সরকার ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ করছে।

এটিআর/
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন