পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীকে গত তিন মাসে ৪ বার বদলি করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের ন্যায় বাউফল উপজেলা প্রশাসনেও রদবদল হয়। এর ধারাবাহিকতায় বাউফলের ইউএনও মো. বশির গাজীকে ঢাকায় বদলি করা হয়।
এরপর ৪৮ ঘণ্টা যেতে না যেতে তাকে পুনরায় ময়মনসিংহে বদলি করা হয়। সেই আদেশ আবার স্থগিত করে তাকে বাউফলে বহাল রাখা হলেও গত ১২ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মো. বশির গাজীকে আবার বরগুনা জেলার বেতাগি উপজেলায় বদলি করা হয়। আর ওই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বাউফলে বদলি করা হয়। কিন্তু নতুন কর্মস্থলে কেউই যোগদান করেননি।
খোঁজ নিয়ে জানা যায়, বাউফল উপজেলা কৃষক দলের এক নেতার নাম ব্যবহার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর কাছে ১ হাজার ২০০ কৃষকের নামে কৃষি উপকরণ বরাদ্দ চাওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি নিয়ম উপেক্ষা ওইসব নামে কৃষি উপকরণ বরাদ্দ দিতে রাজি না হওয়ায় তাকে বদলি করানো হয়। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইউএনও’র এই বদলির প্রক্রিয়ার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার ইন্ধনে ইউএনও বশির গাজীর বিরুদ্ধে কৃষক দলের ব্যানারে মানববন্ধন করানো হয়েছে।
এ ছাড়াও মঙ্গলবার (১৯ তারিখে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে ব্যবহার করে তার বিরুদ্ধে বিক্ষোভ করানো হয়েছে। এই পরিস্থিতিতে অফিস পাড়ায় কর্মকর্মর্তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, ‘বিএনপির গ্রুপিংয়ে খেসারত দিতে হচ্ছে আমাদেরকে। এ উপজেলায় বিএনপির ৩-৪টি গ্রুপে রয়েছে। এক-একটি গ্রুপের নেতারা এক-এক সময় এসে অযৌক্তিক দাবি করে বসেন। আর তাদের সেই দাবি না মানলে অসাদাচারণ করা হয়। বদলির দাবিতে রাস্তায় নামেন। তখন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পত্র-পত্রিকায় সংবাদ দেখে আত্মীয় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। এভাবে কথায় কথায় বদলি করা হলে প্রশাসনে স্থবিরতা দেখা দিতে পারে।’
উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘বিএনপির মধ্যে কতিপয় সুবিধাবাদী নেতা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা বিএনপিকে অবহিত করব। উপজেলা প্রশাসন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করবে, এটা আমরাও চাই। বর্তমান ইউএনও বশির গাজীর বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই।’
এআইএস/এমইউ

