শ্রীপুরে গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ড, ১৬ ঘর পুড়ে ছাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির মালিকের তিনটি কক্ষসহ ১৬টি বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গ্রেট ওয়াল সিরামিক কারখানা সংলগ্ন শাহজাহানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির ভাড়াটিয়া রাশিদের ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও জমির কাগজসহ সবকিছু পুড়ে যায়।
বাড়ির মালিক শাহজাহান জানান, তার ঘরে ১৬ লাখ টাকা, ১০-১৫ ভরি স্বর্ণালংকার ও জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়ারা তাদের সকল মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।
সোহেল/এমবি

