Logo

সারাদেশ

বাগেরহাটের সাবেক পুলিশ সুপার হাসনাত কারাগারে

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬

অ
বাগেরহাটের সাবেক পুলিশ সুপার হাসনাত কারাগারে

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের সাবেক পুলিশ সুপার (এসপি) আবুল হাসনাত খানকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন ব্যাপক নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।  

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ আবুল হাসনাত খানকে আটক করে। এ সময় পুলিশের আরও তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) ফকিরহাট থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে সোপর্দ করা হয়।  

মামলার বাদী রফিকুল ইসলাম মিঠু পুলিশ সুপার আবুল হাসনাতের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং সরকারের পতন ঠেকাতে বৈষম্য বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করার অভিযোগ করেন।  

এদিকে, আবুল হাসনাত খান, যিনি ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বাগেরহাটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিতর্কিত বক্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হন। ‘একটি ব্যালট, একটি বুলেট" ও "যেখানে উন্নয়ন, সেখানেই ধ্বংস’ এমন বক্তব্য দিয়ে তিনি আলোচনায় আসেন।  

বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) মাহবুব মোরশেদ লালন জানান, সাবেক পুলিশ সুপারসহ ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় সাবেক তিন সংসদ সদস্য, সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ ৩৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।  

এ মামলায় আরও অন্তর্ভুক্ত আছেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসামীরা ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে দমন করতে ৪ আগস্ট ফকিরহাটে সহিংসতা চালানোর অভিযোগে অভিযুক্ত।

শেখ আবু তালেব/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন