Logo

সারাদেশ

৯ দফা দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০

অ
৯ দফা দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন রঙ রুই ফ্যাশন ওয়্যার কারখানার ৮ শতাধিক শ্রমিক। এ সময় কারখানার খোলা জায়গায় অবস্থান নিয়ে মিছিল করেন তারা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলার টেপিরবাড়ি দক্ষিণ পাড়া এলাকায় শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় আট শতাধিক শ্রমিক রয়েছে। সরকারিভাবে ঘোষিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট, বাৎসরিক ছুটির টাকা, হাজিরা বোনাস ও টিফিন বিল পরিশোধ করার কথা থাকলেও জানুয়ারি মাসের বেতনের সাথে এগুলো দেওয়া হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। কারখানার শেডের পাশের খোলা জায়গায় অবস্থান নিয়ে ছুটির টাকা ও ইনক্রিমেন্টের দাবিতে মিছিল করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।

শ্রমিক নাজমুল হাসান জানান, সরকারিভাবে ঘোষিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করার কথা থাকলেও জানুয়ারি মাসের বেতনের সাথে এগুলো দেওয়া হয়নি। আমাদের যে টাকা বেতন দেয়, সেই টাকা দিয়েই ঘর ভাড়া, খাবার, বাচ্চার লেখাপড়া কিছুই ঠিকমতো করতে পারি না। কষ্ট করে চলতে হচ্ছে।

আরেক শ্রমিক শিপন বলেন, আমাদের ৯ দফা দাবিতে সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। ২০০৬ সালে বিজিএম থেকে যে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল, সেভাবেই কারখানা পরিচালনা করতে হবে।

এ বিষয়ে কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা আল হাসানকে একাধিকবার ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে শিল্প পুলিশসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তবে কারখানার ভেতরে শ্রমিকরা আমাদের ঢুকতে দিচ্ছে না।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন