সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, গ্রেপ্তার ৩
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬
দেশের বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হলেও সিলেটে প্রথম দিন কোনো অভিযান পরিচালিত হয়নি। একদিন রোববার রাত থেকে বিশেষ এ অভিযান শুরু হয়। এদিন রাতে ও সোমবার সকালে পুলিশের বিশেষ টিম ছাত্রলীগ, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার করে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, যেহেতু ঘোষণার পর এ অভিযান পরিচালিত হয়েছে- তাই যৌথ বাহিনীর অপারেশন না হলেও পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় ধরা হবে।
অতিরিক্ত উপকমিশনার জানান, সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অয়ন দাস (২৭) সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার প্রমুক্ত একতা ১৭৮/৮-এর বিমল কান্তি দাসের ছেলে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহসভাপতি। তাকে সিলেট কোতোয়ালি থানার পুলিশ নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
একই রাতে পৃথক অভিযানে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার লালারচক গ্রামের আব্দুল খালিকের ছেলে।
অপর অভিযানে জাহেদ আহমদ (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেটের শাহপরাণ থানাধীন বহর আবাসিক এলাকার মাওলানা মৃত জামিল আহমদের ছেলে। জাহেদ সিলেট মহানগর ৩৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
রেজাউল হক ডালিম/এমবি

