Logo

সারাদেশ

পরকীয়ার জেরে ব্লেড দিয়ে শরীর কেটে স্ত্রীকে হত্যা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৫

অ
পরকীয়ার জেরে ব্লেড দিয়ে শরীর কেটে স্ত্রীকে হত্যা

কুষ্টিয়ায় কুমারখালীতে পরকীয়ার জেরে স্ত্রীকে লাঠিপেটা করে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নিহতের নাম সাথী খাতুন (২২)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। 

তিনি ওই গ্রামের ইটভাটা শ্রমিক সীমান্তের (৩০) স্ত্রী ও একই ইউনিয়নের মালিয়াট গ্রামের মনছুর শেখের মেয়ে।

স্বজনদের দাবি, পরকীয়া প্রেমের জেরে সীমান্ত তার স্ত্রী সাথী খাতুনকে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে হত্যা করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় আট বছর আগে করাতকান্দি গ্রামের মতিয়ার শেখের ছেলে সীমান্তের সঙ্গে সাথী খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির নাহিদ (৬) ও আফসানা (৪ মাস) নামের দুই সন্তান রয়েছে। প্রায় এক বছর পূর্বে সীমান্ত তার খালাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। 

সমস্যার সমাধানে পারিবারিকভাবে একাধিকবার সালিশি বৈঠকও হয়েছে। সাতদিন আগে পরকীয়া প্রেমিকাকে ছেড়ে দেওয়ার জন্যে সীমান্তকে ৯০ হাজার টাকা দেন শ্বশুর মনছুর। তারপরও রোববার পরকীয়া প্রেমিকাকে নিয়ে দিনভর ঘুরাফেরা করেন সীমান্ত। রাতে সাথী খাতুন তার স্বামীর কাছে প্রেমিকাকে নিয়ে ঘুরাঘুরির বিষয়টি জানতে চান। তখন সীমান্ত তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থান কেটে হত্যা করেন। 

পরে সাথীর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যান। সাথির শিশু ছেলে নাহিদ বলেন, ‘মাকে আমার বাবা লাঠি দিয়ে মারছে। ব্লেড দিয়ে হাত-পা কাটছে।’

সাথীর বড়ভাই সবুজ বলেন, ‘খালাতো বোনের সঙ্গে সীমান্তের পরকীয়া প্রেম চলছিল। একাধিকবার সালিশ হয়েছে এ নিয়ে। গত সপ্তাহে ৯০ হাজার টাকাও দিয়েছি মিটমাটের জন্য। তবুও রোববার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। সে খবর জানতে গেলে সীমান্ত আমার বোনকে পিটিয়ে ও ব্লেড দিয়ে কেটে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই।’ 

নিহতের শরীরে একাধিক আঘাতের ক্ষত রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস। তিনি বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

আকরামুজ্জামান আরিফ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন