ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় গলায় ফাঁস দিলেন নববধূ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১
বগুড়ার শেরপুরে ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় সুবর্ণা আক্তার (১৮) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধা ৬টায় দিকে পৌর শহরের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নয়াপাড়া এলাকার তারিকুল ইসলামের স্ত্রী এবং আরডিএ বগুড়াপাড়া এলাকার শরিফ উদ্দিনের মেয়ে।
নিহতের ননদ তুবা খাতুন বলেন, ‘সন্ধায় আমি আর ভাবি একঘরে টিভি দেখছিলাম। ভাবি ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু সে আর ঘরে না আসায় আমি তাকে ডাক দিলে কোনো সাড়া পাইনি। ঘর থেকে বের হওয়ার সময় দেখি বাইরে থেকে দরজা লাগানো। তখন আমার চিৎকারে লোকজন বাড়িতে এসে দেখে ভাবি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে বারান্দায় ঝুলছে। তখন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের স্বামী তারিকুল বলেন, ‘গত ২ মাস আগে সুবর্ণার সঙ্গে পারিবাড়িকভাবে বিবাহ হয়। মাঝেমধ্যেই দুজন এক সঙ্গে ফুচকা খেতে বাইরে যেতাম। আজ (সোমবার) সন্ধায় সুবর্ণাকে নিয়ে ফুচকা খেতে যাওয়ার কথা। সেই অনুযায়ী সুবর্ণা সেজে বসে ছিল। বাড়িতে বাবা-মা না থাকায় আমি তাকে যেতে নিষেধ করে ব্যবসা প্রতিষ্ঠান চা দোকানে চলে যাই। এরপর আমাকে ছোটবোন মোবাইলে জানায় সুবর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
শেরপুর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর ময়নুল ইসলাম জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ও রাগী ছিল। স্বামী ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আব্দুল ওয়াদুদ/এমজে

