Logo

সারাদেশ

গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহ্বায়ক কমিটি গঠন

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪

অ
গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এ কে এম ফজলুল হক মিলনকে আহ্বায়ক, ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে যুগ্ম আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্যসচিব করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জেলার পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে তিন দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। সেগুলো হলো :

১. গাজীপুর জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক, এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটিসমূহ অনুমোদিত হবে।

২. গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।

৩. আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলাধীন সব স্তরের ইউনিটসমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করবে।

এর আগে চলতি মাসের ২ তারিখে মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওইদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। ওই কমিটিতে আহ্বায়ক হন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন। সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান হন যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

রফিক সরকার/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন