Logo

সারাদেশ

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রোগীদের

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসকরা, সেবা ব্যাহত

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:০৯

অ


মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো উপস্থিত হচ্ছেন না চিকিৎসকরা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসনুভা মারিয়া নিয়মিত অফিস না করায় তার সঙ্গে তাল মিলিয়ে অফিস ফাঁকি দিচ্ছেন মেডিকেল অফিসাররাও। এতে ব্যাহত হচ্ছে এ উপজেলার স্বাস্থ্যসেবা। সেবাপ্রত্যাশীদের অভিযোগ, চিকিৎসকরা মনগড়া অফিসে আসছেন যাচ্ছেন। জনসাধারণকে সেবা দিতে দায়বদ্ধতা দেখা যায় না তাদের মধ্যে। এ নিয়ে ক্ষোভ রয়েছে সিংগাইর উপজেলাবাসীর। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিংগাইর উপজেলার ঘোনাপাড়া এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২ দিন যাবৎ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনুভা মারিয়া অনুপস্থিত রয়েছেন। তার সঙ্গে তাল মিলিয়ে মেডিকেল অফিসাররাও ফাঁকি দিচ্ছেন অফিস। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সকাল সাড়ে ১০টার চিত্র অনুযায়ী দেখা যায়, উপ-সহকারী মেডিকেল অফিসারের কক্ষটি তালা দেওয়া রয়েছে।

নিয়ম অনুযায়ী বহির্বিভাগের চিকিৎসকদের স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থাকার কথা সকাল ৮টায়। তবে সকাল ১০টা পেরিয়ে গেলেও অনুপস্থিত রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (অবস অ্যান্ড গাইনি) ডা. শবনম বানু। সিংগাইর উপজেলার বিভিন্নস্থান থেকে আসা রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অসুস্থতা নিয়ে দাড়িয়ে রয়েছেন। পরে সাড়ে ১০টায় ডা. শবনম বানু স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পাশে থাকা আরেকটি কক্ষে গত দুইদিন যাবৎ অনুপস্থিত ডা. ফয়সাল বিন ইউসুফ। মঙ্গলবার ও বুধবার (২০ নভেম্বর) ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বাড়ি ফিরে যাচ্ছেন সেবাপ্রত্যাশীরা।

স্বাস্থ্যসেবা নিতে আসা কোহিনুর ইসলাম বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে আছি ডাক্তার আসার কোনো নাম-গন্ধ নাই। এভাবে যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তার কোনো হদিস নাই! অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অসুস্থ শরীর আরও অসুস্থ হয়ে পড়েছে।’

রানু বেগম বলেন, ‘এভাবে আমাদের প্রত্যেকদিন অপেক্ষা করতে হয়। দুইদিন ধরে আসছি। এর আগের দিন ডাক্তার পাইনি, আজকেও পাইলাম না এখন পর্যন্ত।’

মাজেদ মিয়া বলেন, ‘আমার সহধর্মিনীকে নিয়ে এসেছিলাম, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেই চলেছি। ডাক্তার আসার কথা কিন্তু এখনো আসে নাই।’

স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের মিটিং ও ট্রেনিংয়ে রয়েছেন। এই মিটিং ও ট্রেনিংয়ের দোহাই দিয়ে তিনি গত দুইদিন যাবৎ অনুপস্থিত রয়েছেন। এ ছাড়াও একাধিক লোক জানায়, তিনি প্রায়ই এরকম মিটিংয়ের দোহাই দিয়ে অনুপস্থিত থাকেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অবস অ্যান্ড গাইনি) ডা. শবনম বানুর সঙ্গে কথা বলতে গেলে অপারেশন থিয়েটারে কাজ থাকার কথা বলে স্থান ত্যাগ করেন।

আবাসিক মেডিকেল কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘ডা. ফয়সাল বিন ইউসুফ ১৭ ও ১৮ নভেম্বর এই দুইদিনের ছুটিতে রয়েছেন। তার পরিবর্তে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।‌ ডা. শবনম ভানুর সকালে কোনো অপারেশন নাই।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনুবা মারিয়া বলেন, ‘আমার ডিজি অফিসে কাজ আছে। আমি একটু অধিদপ্তরে আছি। আমি আমার সিভিল সার্জনকে মৌখিকভাবে জানিয়েছি।’

মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মমিন বলেন, ‘সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলির আদেশ হয়ে গেছে। এখনো রিলিজ নেননি, যোগদান করেননি। ছুটি না দিলে অফিস করতে হবে। তিনি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন।’


এএ/এমইউ/এনআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন