Logo

সারাদেশ

শ্রীপুরে ১৬ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪

অ
শ্রীপুরে ১৬ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ছুটির টাকা পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ ও নির্যাতনের প্রতিবাদসহ ১৬ দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্রাউন এক্সক্লুসিভ ওয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা।

এ সময় তারা সড়কে গাছের ডালপালা পুড়িয়ে প্রতিবাদ জানান এবং কারখানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

শ্রমিকদের দাবি, বাৎসরিক অর্জিত ছুটির বকেয়া টাকা পরিশোধ, টিফিন বিল প্রদান, ঈদ বোনাস বেসিকের সমপরিমাণ করা, এক হাজার টাকা হাজিরা বোনাস চালু, শ্রমিক ছাঁটাই বন্ধ, শ্রমিকদের প্রতি খারাপ আচরণ বন্ধ এবং সুয়িং ইনচার্জ কাইয়ূম ও লিংকিং ফেরদৌসকে চাকরিচ্যুত করা। শ্রমিকদের দাবি, এসব শর্ত পূরণ করা হলে তারা কাজে যোগ দেবেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছুটির টাকা ও টিফিন বিল পরিশোধ করছে না, অনিয়মিত হাজিরা বোনাস দিচ্ছে এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাই করছে। পাশাপাশি সন্ত্রাসীদের দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয় ও নির্যাতন করা হয়।

শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর শিল্প পুলিশের পরিদর্শক আবদুল লতিফ জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১৬ দফা দাবির মধ্যে ১৪টি মেনে নিয়েছেন। তবে কারখানায় মোবাইল ফোন ব্যবহারের অনুমতি ও দুইজন ইনচার্জকে চাকরিচ্যুত করার বিষয়ে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিকরা আগামীকাল থেকে কাজে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন