আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর শিবপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নাদিম সরকারকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হয়েছেন এক স্বেচ্ছাসেবক দল নেতা। থানায় কর্তব্যরত এক কনস্টেবলের গালে থাপ্পড় মারার কারণে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শিবপুর থানা কমপ্লেক্সের সামনে ঘটে। জানা গেছে, শিবপুরের জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকারকে গ্রেপ্তার করার পর তাকে ছাড়িয়ে আনার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান ওরফে জজ মিয়া দলবল নিয়ে থানায় যান।
কর্তব্যরত কনস্টেবল মো. সবুজ মিয়া তাকে জানান যে, ‘আবিদ হাসান উত্তেজিত হয়ে কনস্টেবল মো. সবুজ মিয়ার গালে থাপ্পড় মেরে বলেন, ‘এই থানায় চাকরি করতে হলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে, না হলে এখানে চাকরি করা যাবে না।’
এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনকে ঘটনাটি জানানো হলে তিনি আবিদ হাসান ওরফে জজ মিয়ার বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন। মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সুমন রায়/এমআই

