ইমাদদুদীন অ্যাকাডেমির টেলেন্ট সার্চ প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০
মৌলভীবাজারে ইসলামি শিক্ষার সমন্বয়ে বিশ্বমানের স্কুল ‘ইমাদুদদীন অ্যাকাডেমি’র ৩দিনব্যাপী টেলেন্ট সার্চ প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত।
শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে অ্যাকাডেমি ক্যাম্পাসে গত রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রোগ্রাম শেষ হয়েছে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। এদিন ছিল বিভিন্ন ধাপে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অ্যাকাডেমির উপদেষ্টা মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাহফুজা সাবার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন, অ্যাকাডেমির ফাউন্ডার ও প্রিন্সিপাল হামমাদ রাগিব।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সহকারী) আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়লেখা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল মুজিব, অ্যাকাডেমির উপদেষ্টা মাহফুজ ইসলাম, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা মাজদুদ আহমদ, ইঞ্জিনিয়ার গাজী হাবীবুল্লাহ, সিলেট আইডিয়াল কলেজের লেকচারার সাদিকুর রাহমান, সৃজনঘর সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, মিসবাহুল হুদা আল-ইসলামিয়া সিলেটের প্রিন্সিপাল মাওলানা ইমরান রব্বানী, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর প্রমুখ।
৩দিনব্যাপী টেলেন্ট সার্চ প্রোগ্রাম মূলত ইমাদুদদীন অ্যাকাডেমির বিশেষায়িত একটি আয়োজন। মেধা ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস যাচাই করে সে অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে নতুন শিক্ষাবর্ষের শুরুতে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। শরীরচর্চা ও বিনোদনমূলক খেলাধুলাসহ এতে জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অন্তর্ভুক্ত থাকে।
প্রসঙ্গত, ইমাদুদদীন অ্যাকাডেমি মৌলভীবাজার শহরের বিশেষায়িত একটি ইসলামিক স্কুল। বিশ্বায়নের এ যুগে মুসলিম ঘরের সন্তানদের পড়াশোনা ও বেড়ে ওঠাকে বিশ্বমানের করে তোলার পাশাপাশি তাদেরকে পর্যাপ্ত ইসলামি শিক্ষা প্রদান করা এই অ্যাকাডেমির প্রধানতম লক্ষ্য। আর এ লক্ষ্য বাস্তবায়নে সরকারপ্রণীত সিলেবাসের পাশাপাশি অ্যাকাডেমির রয়েছে সুপরিকল্পিত সিলেবাস। যেখানে স্কুল সিলেবাস অক্ষুণ্ণ রেখে মেধাবী শিক্ষার্থীরা পবিত্র কুরআন হিফজেরও সুযোগ পাচ্ছে।
এটিআর/

