বরগুনার আমতলী উপজেলার যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে ছয়জন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজারসংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) আমতলীর কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকার কাছাকাছি রহমত ফিলিং স্টেশনের সামনে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রাকে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রাটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। মাহেন্দ্রার পেছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রায় থাকা আরো একজন মারা যায়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে আবিদ চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে, শহিদুল গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের বশির মিয়ার ছেলে ও আরোহী আতাহার উপজেলার বাইনবুনিয়া গ্রামের মৃত আফতার আলীর ছেলে। আহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় লোকজন বাসটিকে আটক করে। বাসটি আমতলী থানায় নিয়ে এসেছি। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
এস এম সুমন রশিদ/ওএফ

