হর্ন বাজানোকে কেন্দ্র করে হাসপাতালে সংঘর্ষ, আহত ২
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯
ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি অটোভ্যানের হর্ন বাজানোকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথম দফার সংঘর্ষ বাজার এলাকায় হলেও দ্বিতীয় দফার সংঘর্ষ ঘটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে। এতে এক কলেজ শিক্ষার্থীসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দ্বিতীয় দফার সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বিকেল ৬টার দিকে উপজেলার গোপালপুর বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রথম দফার সংঘর্ষ হয়।
আহতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজার ছেলে, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রিফাত হোসেন (২৪) ও একই ইউনিয়নের চর কুচিয়াগ্রাম এলাকার সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকির (২৩)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোহাম্মাদ ফকির ও তার তিন সহোদর জন্মনিবন্ধনের কাগজপত্র আনতে একটি অটোভ্যানে করে গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আসেন। সেখানে তারা অটোভ্যানের হর্ন বাজালে পাশে থাকা রিফাত হোসেন ও তার কয়েকজন সহপাঠী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর অটোভ্যান চালকের সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় মোহাম্মাদ ফকির ক্ষিপ্ত হয়ে রিফাতের বাম কান কামড়িয়ে কিছু অংশ ছিঁড়ে ফেলেন।
পরে সহপাঠীরা আহত রিফাতকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিছুক্ষণ পর মোহাম্মাদ ফকিরও আহত অবস্থায় হাসপাতালে আসেন। তখন রিফাতের বন্ধুরা মোহাম্মাদ ফকির ও তার ভাইদের ওপর হামলা চালান। এতে পুনরায় গুরুতর আহত হন মোহাম্মাদ ফকির।
খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশিদ বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এটিআর/এনআর/

