Logo

সারাদেশ

মজা খাওয়ানোর কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২

অ
মজা খাওয়ানোর কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা

গাজীপুরের শ্রীপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে একটি কারখানার পরিত্যক্ত কোয়ার্টারে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাংনাহাটি দক্ষিণ পাড়া ছাহারা কম্পোজিট কারখানার পরিত্যক্ত কোয়ার্টারে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইউসুফ (৫০) কেওয়া ৭ নং রোডের শেখ জামে মসজিদ এলাকার বাসিন্দা।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি তার নানির সঙ্গে বাসায় থাকত। ইউসুফ শিশুটিকে বাসা থেকে ডেকে মজা খাওয়ার কথা বলে পরিত্যক্ত কোয়ার্টারে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে ওঠে।

এসময় চিৎকার শুনে কাছাকাছি থাকা তানিয়া নামের এক শ্রমিক ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শিশুটির শরীরে কামড়ের দাগ রয়েছে।

তানিয়ার স্বামী বলেন, ইউসুফ শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছিলেন। চিৎকার শুনে আমার স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হলে ইউসুফ পালিয়ে যান। শিশুটির শরীরে কামড়ের দাগ রয়েছে। 

শিশুর বাবা জানান, ‘আমি রাজমিস্ত্রীর কাজ করি। তার মা স্থানীয় কারখানায় চাকরি করেন। খবর পেয়ে বাড়িতে এসে দেখি মেয়ের হাতে কামড়ের দাগ রয়েছে। আমি অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে অভিযুক্ত ইউসুফের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আতাউর রহমান সোহেল/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন