Logo

সারাদেশ

কুমিল্লা নগরীতে বাড়ছে ময়লা-আবর্জনার স্তূপ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫

অ
কুমিল্লা নগরীতে বাড়ছে ময়লা-আবর্জনার স্তূপ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা নগরীর সড়ক ও বাসাবাড়ির সামনে বাড়ছে ময়লা-আবর্জনার স্তূপ। সড়কের পাশে থাকা ডাস্টবিন না ব্যবহার করে যত্রতত্র ময়লা ফেলছেন সাধারণ জনগণ। ফলে শহরের সৌন্দর্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিটি করপোরেশনের নজরদারি ও সঠিক তদারকির অভাবে এসব সমস্যা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে ডাস্টবিন থাকলেও তা ব্যবহৃত হচ্ছে না। রেস্টুরেন্ট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা সড়কে বা ফুটপাতে ফেলা হচ্ছে। যার ফলে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য ও পরিবেশ। 

নগরবিদরা জানান, সড়কে ডাস্টবিন স্থাপন শহরের ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে তা যথাযথভাবে কার্যকর করতে সঠিক তদারকি প্রয়োজন।

এ বিষয়ে নগরীর সচেতন মহল বলেন, সিটি করপোরেশন শহরে কোথায় ময়লা ফেলতে হবে, তা নিয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কিছু ডাস্টবিন স্থাপন করা হলেও সেগুলো কার্যকর হয়নি। গত ৫ আগস্টের পর বর্জ্য ব্যবস্থাপনায় অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। এলাকাভিত্তিক ডাস্টবিন স্থাপন করা হলে এবং সঠিক তদারকি করলে এ সমস্যা সমাধান হতে পারে।

সরেজমিনে কুমিল্লার কান্দিরপাড় নজরুল এভিনিউয়ে দেখা যায়, সড়কের পাশে ডাস্টবিন থাকলেও সেখানে ময়লা ফেলা হচ্ছে না। আবার কিছু স্থানে ডাস্টবিনও দেখা যায়নি। সিটি করপোরেশনের ঝাড়ুদাররা সকাল বেলা ময়লা পরিষ্কার করার কথা থাকলেও ৫ আগস্টের পর তা নিয়মিত হচ্ছে না। কিছু এলাকায় একদিন পরিষ্কার হলেও পরবর্তী দিন তা করা হচ্ছে না।

কুমিল্লা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁয়া বলেন, আমরাও এ বিষয়ে চিন্তিত। অনেক সময় বাসাবাড়ির ময়লা ডাস্টবিনে ফেললে দুর্গন্ধ সৃষ্টি হয়। বাসাবাড়ির ময়লা-আবর্জনার জন্য আমরা ভ্যান সার্ভিস চালু করেছি। তবে শিগগিরই প্রধান সড়কে নতুন ডাস্টবিন স্থাপন করা হবে। সেখানে ময়লা ফেলা হলে নজরদারি করা হবে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন