কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে পটুয়াখালীর কলাপাড়ায় থানায় এ মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।
জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি-৩২এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেছেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙ্গে অক্ষত অবস্থায় বের হয়ে যান। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জাকারিয়া জাহিদ/এটিআর

