Logo

সারাদেশ

হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৬

অ
হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫) ও তার দুই শিশুকন্যা খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।  

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) একেএম সালিমুল হক জানান, দীর্ঘদিন ধরে আব্দুর রউফ ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহ চলছিল। পাশাপাশি তিনি ঋণগ্রস্ত ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রীর সঙ্গে তার তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী কোলের সন্তান নিয়ে ঘর থেকে বের হয়ে যান। এরপরই আব্দুর রউফ তার দুই শিশুকন্যাকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন।  

প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তিনজনকেই উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু খাদিজা ও আয়েশাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনিও মারা যান।  

মৃত আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া জানান, ‘আমরা পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি, আমার ভাই ও দুই ভাতিজি বিষাক্রান্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাই ও ভাবীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া লেগেই ছিল।’  

জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম বলেন,‘বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আব্দুর রউফকে বিষাক্রান্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার দুই শিশুকন্যা আগেই মারা গিয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন মারা যান তিনিও।’

এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রেজাউল হক ডালিম/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন