তারেক রহমান যেকোনো সময় দেশে আসবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে তিনি চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশে আসার ব্যাক্তিগতভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন। আইনগত যে সমস্ত জটিলতা আছে, তা অবৈধ সরকার করেছে। সেগুলো শেষ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। প্রক্রিয়াধীন কাজকর্ম শেষ করলেই, তিনি যেকোনো সময় দেশে আসবেন।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, তার ঠিকানা বাংলাদেশ, বিদেশ নয়। এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ এমপি হবে, মন্ত্রী হবে, অ্যাম্বাসেডর হবে, আমার সেই শখ নেই। আমার স্বপ্ন হলো আপনাদের পাশে থেকে আপনাদের ভাই হয়ে আপনাদের সাথে কথা বলা। আপনারা আমাকে আপনাদের ভাই হিসেবে পাশে দাঁড়ানোর একটু সুযোগ দেবেন। আল্লাহ কারো কপালে কোনো সম্মান লিখে থাকলে সেটা সে পাবেই। আমাদের মনে রাখতে হবে, কাউকে অসম্মান করে নিজে সম্মান পাওয়া সম্ভব নয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, যুবদল নেতা সাইফুল করিম মিনার তাজুল ইসলাম সুমন, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী, আমিমূল এহসান হৃদয়, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা আবুল বাসার , আহসান কলিম, মনির হোসেন সর্দার, কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক, মিজানুর রহমান, দিলদার হোসেন কেসলু, সালাউদ্দিন আহমেদ ফারুক প্রমুখ।
এবি/এমইউ

