গাজীপুরের বাসন থানার চৌধুরীবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কলোনির ১৪টি ঘর পুড়ে গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। শুরুতে দুটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা দেখে আরও একটি ইউনিট যুক্ত করা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ১৪টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে, যার মধ্যে একটিতে মোটরসাইকেলের পার্টস এবং আরেকটিতে মবিল ও লুব্রিকেন্ট জাতীয় দাহ্য পদার্থ মজুদ ছিল। এসব দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ঘরগুলোর বেশিরভাগই গার্মেন্টস শ্রমিকদের ছিল, ফলে তারা এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এমএএস/এমএইচএস

