আলফাডাঙ্গা ইলেক্ট্রিশিয়ান ফেডারেশনের আনন্দভ্রমণ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১
ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতে ফরিদপুরে বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী আনন্দভ্রমণ সম্পন্ন।
‘ব্যস্ততা তো প্রতিদিন, আনন্দে হারাই চলো একদিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আলফাডাঙ্গা লোকাল বাসস্ট্যান্ড থেকে একটি চেয়ারকোচ বাসযোগে ঝিনাইদহের জনপ্রিয় বিনোদনকেন্দ্র জোহান ড্রিম ভ্যালি পার্কের উদ্দেশে রওনা দেন সংগঠনের সদস্যরা। সকাল ১১টায় গন্তব্যে পৌঁছানোর পর পার্কের নয়নাভিরাম দৃশ্য উপভোগ ও ফটোসেশনে মেতে ওঠেন সবাই।
পরে জুমার নামাজ আদায় শেষে নির্দিষ্ট পিকনিক স্পটে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এরপর ভ্রমণের স্মৃতি স্মরণীয় করে রাখতে এক আনন্দঘন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রামিম হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য পেশ করেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক শাহীন মোল্যা প্রমুখ।
আলোচনা শেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এটিআর/

