Logo

সারাদেশ

চালককে হত্যা করে অটোরিকশা বিক্রি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩

অ
চালককে হত্যা করে অটোরিকশা বিক্রি

ছবি : বাংলাদেশের খবর

ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালক মো. ফালানকে (২৭) হত্যা করে বনের ভেতর ফেলে রেখে যায় হত্যাকারীরা। পর অটোরিকশাটি ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে ২৮ হাজার টাকায় বিক্রি করে দেন তারা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুর কার্যালয় গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় ৪ আসামিকে পৃথক দিনে গ্রেপ্তার করা হয়। আসামিদের জবানবন্দি ও তদন্তে এসব তথ্য জানতে পারে পিবিআই।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুরের বেলতলি গ্রামের জোড়পুকুর এলাকায় একটি শালবনের ভেতরে মো. ফালানের লাশ পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সাগর (২২), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জুনকাই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শাহিন (২০), ময়মনসিংহের কোতয়ালী থানার বনপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. শুক্কুর আলী (৪৪) ও একই উপজেলার সোনাখালী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে আরিফ হোসেন (১৮)।

নিহত অটোচালক মো. ফালান ময়মনসিংহের পাগলা থানার চাইরবাড়িয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।

পিবিআই জানায়, আসামিরা জবানবন্দিতে বলেছেন, গত ৯ ফেব্রুয়ারি রাতে মাওনা চৌরাস্তা থেকে তারা ফালানের অটোরিকশাটি ভাড়া করেন। তারা বারোতোপার পাশে বেলতলীর জোড়পুকুর এলাকায় চালক ফালানের হাত-পা বেঁধে অটোরিকশাটি ছিনতাই করেন। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বনের ভেতর ফেলে চলে যান তারা। পরদিন অটোরিকশাটি এক ভাঙ্গারি দোকানে ২৮ হাজার টাকায় বিক্রি করে দেন।

এ বিষয়ে পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা তাদের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অটোরিকশা ছিনিয়ে নিতেই ওই চালককে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন