Logo

সারাদেশ

বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাইক চালকের

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৬

অ
বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাইক চালকের

গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধ এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার হাসিন সোয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে মাওনা চৌরাস্তায় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবকের নাম রাশেদ (৩০)। তিনি উপজেলার মুলাইদ গ্রামের রফিকুল ইসলামের (রফিক) ছেলে। রাতে ভাড়া বাসা থেকে মোটরসাইকেল দিয়ে ময়মনসিংহের গ্রামের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে মাওনা থেকে নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহে দিকে যাচ্ছিলেন রাশেদ। যাত্রাপথে উপজেলার এমসি বাজার হাসিন সোয়েটার কারখানার সামনে আসার পর হঠাৎ পথচারী এক বৃদ্ধ তার মোটরসাইকেলের সামনে পড়েন। এ সময় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

  • আতাউর রহমান সোহেল/এমজে
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন