Logo

সারাদেশ

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩

অ
শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাওরান বাজার ও রাত ৮টার দিকে এমসি বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- আবু বকর সিদ্দিক (৩৫) ও রাশেদ ইকবাল রনি (৩০)। আবু বকর সিদ্দিক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পড়ুয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক (অপারেশনস) ছিলেন। অপর নিহত রাশেদ ইকবাল রনি শ্রীপুরের এমসি বাজার এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।

স্থানীয়রা জানান, আবু বকর সিদ্দিক শনিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর যাচ্ছিলেন। পথে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের কাওরান বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী লেগুনার (হিউম্যান হলার) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুদীপ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টা ৪৫ মিনিটে আবু বকর সিদ্দককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

অন্যদিকে, শনিবার রাত পৌনে ৮টার দিকে মাওনা থেকে মোটরসাইকেলে ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিলেন রাশেদ ইকবাল রনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকায় হাসিন সোয়েটার কারখানার সামনে পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধ পথচারী চলন্ত মোটরসাইকেলের সামনে পড়েন।

পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে রাশেদ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খান এবং ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মাওনা মহাসড়ক (হাইওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, স্বজনদের মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন