বিদ্যালয়ের সামনে ট্রলির চাপায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ট্রলির চাপায় ইব্রাহীম আলী (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় তার দাদি আনোয়ারা খাতুন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জন-গাছি গ্রামের আহসান হাবীবের ছেলে। বাবার কর্মসূত্রে তারা বটতৈল বিসিক এলাকায় বসবাস করতেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বাংলাদেশের খবরকে জানান, প্লে-গ্রুপের শিক্ষার্থী ইব্রাহীমকে নিয়ে তার দাদি আনোয়ারা খাতুন প্রতিদিনের মতো প্রতীতি বিদ্যালয়ে আসছিলেন। বিদ্যালয়ের সামনে এসে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইব্রাহীম নিহত হন। স্থানীয়রা আহত আনোয়ারাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক।
এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা ট্রলিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি সৈয়দ আল মামুন জানান, ঘাতক ট্রলিটিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
আকরামুজজামান আরিফ/এমবি

