আশুলিয়ায় মহাসড়কে ঝরল নারী শ্রমিকের প্রাণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০২
ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় রাবেয়া আক্তার (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গণকবাড়ী ডিইপিজেড নতুন জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার রংপুরের পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। তিনি আশুলিয়ায় পরিবারের সঙ্গে ভাড়াবাসায় থাকতেন এবং ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসেম আলী জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার স্থানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।
হাসান ভুঁইয়া/এমবি

