Logo

সারাদেশ

বাউফলে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

Icon

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭

অ
বাউফলে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

পটুয়াখালী বাউফলের ধূলিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ধূলিয়া লঞ্চঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে স্থানীয় ছাত্রসমাজ নিজেরাই উদ্যোগ নিয়ে সড়ক সংস্কারের কাজ শুরু করেছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌশিফুর রহমান রাফার নেতৃত্বে ছাত্ররা স্বেচ্ছাশ্রমে সড়কের সংস্কার কাজ শুরু করেন।

জানা যায়, প্রতিদিন এ সড়ক দিয়ে রাজধানী ঢাকা, চাঁদপুর ও ভোলার হাজারো মানুষ যাতায়াত করেন। দীর্ঘ ১০ বছর ধরে কোনো সংস্কার বা পুনঃনির্মাণ না হওয়ায় সড়কটি খানাখন্দে ভরে যায়, ফলে জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় ছাত্রদল নেতা তৌশিফুর রহমান রাফা বলেন, জনদুর্ভোগ কমাতে আমরা কয়েকজন ছাত্র মিলে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করি এবং তা দিয়ে ইটের খোয়া ও বালু কিনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কের গর্তগুলো ভরাট করি। আমরা সম্পূর্ণ সেবার মনোভাব নিয়ে এই কাজ করছি। পুরো সড়কটি যাতায়াতের উপযোগী করে তুলতে চাই।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন। তবে, তরুণদের এই স্বেচ্ছাশ্রম ও মানবসেবার মনোভাব সবাইকে অনুপ্রাণিত করেছে।

  • আরিফুল ইসলাম সাগর/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন