প্রতীকী ছবি
পিরোজপুরের নেছারাবাদে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইশরাত জাহান জেবিন (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজেদের বাসায় ওড়না প্যাচানো অবস্থায় মৃত্যু দেহটি উদ্ধার করা হয়।
নিহত ইশরাত জাহান জেবিন নেছারাবাদ উপজেলার বরছাকাঠি গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে। সে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি স্কুলের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত।
স্থানীয়রা জানান, ইশরাত জাহান জেবিন তার মায়ের সাথে মোবাইলে সিম পরিবর্তন করা নিয়ে রাগারাগী করে ঘর থেকে পাশের বাসায় যায়। কিছুক্ষণ পর বাসায় এসে তার মা মোবাইলে সিম পরিবর্তন করেছে কিনা সেটা দেখার জন্য ঘরে এসে জেবিনকে ডাক দেয়। কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে জেবিনকে গলায় ওড়না জড়ানো অবস্থায় দেখতে পায়। পরে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেবিনকে মৃত ঘোষণা করেন।
ইশরাত জাহান জেবিনের মা জানান, ‘সকালে মোবাইলের সিম পরিবর্তন করা নিয়ে দাদী-নাতির সাথে রাগারাগী হয় এবং আমিও একটু বকাবকি করেছি। আমার মেয়েটা ছোটবেলা থেকেই খুব জেদী প্রকৃতির ছিল।’
সোহাগদল ইউনিয়ন পরিষদের সদস্য শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তাদের বাসায় গিয়েছিলাম। শুনছি তার মায়ের সাথে একটু রাগারাগী হয়েছিল। ঘরের সাথে ওড়না প্যাচানো অবস্থায় তাকে পাওয়া গেছে।’
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, ‘খবর পেয়ে থানা থেকে ফোর্স পাঠিয়ে মরদেহটি উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।’
সৈয়দ বশির আহম্মেদ/এমআই

