Logo

সারাদেশ

শ্রীপুরে গৃহবধূর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪

অ
শ্রীপুরে গৃহবধূর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ‘স্বামীর নির্যাতন সইতে না পেরে’ গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ স্বর্ণা আক্তার (২৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেওয়া পূর্ব খণ্ডআশপাটা (উকিল বাড়ি) এলাকায় তাজউদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের শাহজাহানের মেয়ে। চার বছর আগে হাসান নামের রাজমিস্ত্রীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক সন্তানও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কাজ থেকে বাসায় ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতের খাবার খেয়ে স্বর্ণা ঘুমিয়ে পড়েন। সোমবার ভোররাতে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহতের বাবা শাহজাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, বড় ভালোবেসে মেয়েকে হাসানের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকেই টাকার জন্য আমার মেয়েকে চাপ দিতো। এক সপ্তাহ ধরে আবার টাকার জন্য চাপ দিচ্ছিল। মেয়েটা আমার কাছে টাকা নিতে আসছিল। টাকা না দিলে স্বামী তার ওপর নির্যাতন চালাবে বলে জানিয়েছিল। তার স্বামী প্রায় তাকে মারধর করতো। স্বামীর নির্যাতন সইতে না পেড়ে মেয়েটা আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন