ফসলি জমির মাটি কেটে সাবাড় করছেন যুবদল সভাপতি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করছেন। এতে হুমকিতে পড়েছে আশেপাশের ফসলি জমি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া মোড়ের পাশে ফসলি জমির উপর ডাইব্রেশন করে, ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করছেন। ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় একপ্রকার ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনের অনুমতি ব্যতীত তিনি এসব করে যাচ্ছেন । মাটি পরিবহনে মাহেন্দ্র ট্রলি ব্যবহার করার কারণে গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্ত। অবৈধ মাহেন্দ্র চলাচলের কারণে ধুলায় আচ্ছন্ন হয়ে গেছে এলাকা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বলেন, ‘দলীয় প্রভাব বিস্তার করে কেউ যদি কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
অবৈধভাবে মাটি কাটার বিষয়ে হাটিপারা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘বিগত সময় আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমার মাটি কাটার অনুমতি ছিল কিন্তু কাটতে দেয়নি । ১৫ বছর আমি অনেক মামলা খেয়েছি । এখন সুযোগ আমার এখন তো কাটবোই, আমি নিজের জমি কাটছি।’
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিক্তা খাতুন বলেন, ‘হাটিপাড়া ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে সকালে আমার নায়েবকে পাঠিয়ে বন্ধ করতে বলেছি । এর পরেও যদি মাটি কাটে তাহলে আমি নিজে গিয়ে ব্যবস্থা নেব।’
আফ্রিদি আহাম্মেদ/এমআই

