শ্রীপুরে হাত-পা বেঁধে বসতবাড়িতে ডাকাতি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০০
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির মালিকের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের শিড়িশগুড়ি গ্রামের বাদল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাদল মিয়া ওই গ্রামের মো. চান মিয়ার ছেলে।
বাদল মিয়ার ছেলে বিল্লাল হোসেন জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত বাড়ির বারান্দার রান্নাঘরের বেড়া ভেঙে ভেতরে ঢোকে। এরপর তার বাবার ঘরের দরজা খুলে তারা ভেতরে প্রবেশ করে। ডাকাতরা বাদল মিয়ার হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে চিৎকার না করতে হুমকি দেয়। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বিল্লাল আরও বলেন, লুটপাটের সময় পাশের রুমে থাকা তার ছোট বোন বিষয়টি টের পেয়ে আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজনকে মোবাইলে জানিয়ে দেন। এতে এলাকাবাসী হইচই শুরু করলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। এখনও কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আতাউর রহমান সোহেল/এমবি

