পাবনায় ভ্যানচালক হত্যা, গাজীপুরে প্রধান আসামি গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৯
গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে পাবনার সাঁথিয়া উপজেলার চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা মামলার প্রধান আসামি মনছুর আলী প্রামাণিককে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বাংলাদেশের খরবকে জানিয়েছেন র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
গত ১৪ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়া উপজেলার খয়েরবাড়ীয়া গ্রামের মৃত ইসাক আলীর ছেলে সুজন (৩৮) ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর ১৫ ফেব্রুয়ারি সাঁথিয়ার স্বরূপ গ্রামের পাকারমাথা নামক স্থানে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং রোববার রাতে গাজীপুরের কোনাবাড়ি থেকে মনছুর আলীকে ভ্যানসহ গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, মনছুর আলী সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত। তিনি সাঁথিয়া উপজেলার নায়েব আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএএস/এমজে

