Logo

সারাদেশ

পুলিশের সামনে সাংবাদিককে আক্রমণ, প্রতিবাদে মানববন্ধন

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪

অ
পুলিশের সামনে সাংবাদিককে আক্রমণ, প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া শহরে পেশাগত দায়িত্ব পালনকালে চিত্রসাংবাদিক ইমরান হোসেনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় তাকে বেধড়ক মারপিট করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানা মামলা দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়ার সাংবাদিকরা। তারা দোষীদের আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় কঠিন কর্মসূচি দেওয়ার কথা জানান তারা।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সামনে ন্যক্কারজনক হামলার শিকার হয়েছেন চিত্রসাংবাদিক ইমরান। এটা মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে। চিহ্নিত হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে যদি পুলিশ তাদের গ্রেপ্তার করতে না পারে। তাহলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, চিত্রসাংবাদিক ইমরান হোসেন রোববার সকাল সাড়ে ৯টার সময় কুষ্টিয়া শহরের ফুলতলা এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ইব্রাহিম (৬) নিহত হয়। এতে তার দাদী আহত হন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান ইমরান। 

‘দৈনিক খবরওয়ালা’ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ চলাকালে চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩)-সহ আরও ১০/১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং নাক, পিঠ ও মাথা কেটে রক্তাক্ত জখমের করেন। ‘মেঘ না চাইতেই জল' স্লোগান দিয়ে ইমরানকে মারপিট করা হয়। 

যার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়াও ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। এরপর বাংলা টিভির ক্যামেরা পার্সন আলিম সহ অনান্য সাংবাদিকরা ইমরানকে উদ্ধার করে।

এর পর আহত ইমরান হোসেন ‘দৈনিক খবরওয়ালা’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদকে মোবাইল ফোনে ঘটনাটি জনালে তিনি ইমরান হোসেনকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। ছিনিয়ে নেওয়া ক্যামেরা ও মাইক্রোফোনের আনুমাকি বাজার মূল্য এক লক্ষ বিরানব্বই হাজার টাকা বলে লিখিত এজাহারে জানানো হয়।

এ বিষয়ে দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের সামনে ইমরানের ওপর হামলা করা হয় এবং তাকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনার পর কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

তিনি বলেন, ‘হামলার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কারা হামলা করেছে। তবে কোনো এক অদৃশ্য কারণে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।’

কুষ্টিয়ার পুলিশ পুলিশ (এসপি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’

  • আকরামুজজামান আরিফ/এমজে
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন