লঞ্চে তাস খেলতে মানা করায় তাবলিগ অনুসারিদের উপর হামলা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০
পটুয়াখালীর বাউফলে তাস খেলতে নিষেধ করায় যাত্রীবাহী লঞ্চে উঠে তাবলীগের মুসল্লিদের উপর হামলা চালানো হয়। এতে লঞ্চের স্টাফসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বগা লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৮টায় সুন্দরবন-১৪ লঞ্চটি বগা ঘাটে পৌঁছালে রুহুল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন লঞ্চে উঠে স্টাফ ও যাত্রীদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে লঞ্চের লস্কর ইব্রাহিম (৩০), রহমান (২৮), ফিরোজ (৩০) এবং যাত্রী সুজন (২০), রাতুল (১৭) ও ইসরাফিলসহ (১৮) অন্তত ১০ জন আহত হন।
লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস জানান, রোববার সন্ধ্যায় লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসে। রাতে চার যুবক লঞ্চে তাস খেললে তাবলিগ জামাতের কয়েকজন তাদের নিষেধ করেন। যা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। লঞ্চ স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি তখন শান্ত হলেও পরের দিন সকালে বগা ঘাটে পৌঁছানোর পর পূর্বের ঘটনার জেরে হামলা চালানো হয়।
তাবলিগ জামাতের সদস্য সুজন (২০) বলেন, তাদের ৪৫ সদস্যের দলটি সাদপন্থীদের ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে লঞ্চে ওঠে। রাতে তাস খেলা নিয়ে তাদের আমির মো. ডালিমের সঙ্গে তর্কবিতর্ক হয়। সকালে রুহুল আমিন ২০-২৫ জনকে নিয়ে লঞ্চে এসে তাদের ওপর হামলা চালায়। লঞ্চ স্টাফরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনাটি তার নজরে এসেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
- আরিফুল ইসলাম সাগর/ওএফ

