আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১
আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না। এটি হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ কোন ধরনের সুবিধা পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, রাজনীতিবিদরা শিক্ষকদের সম্মান দিতে চান না। শুধু নির্বাচন এলেই তাদের পেছনে ঘুরেন রাজনীতিবিদরা। বর্তমানে শিক্ষার প্রসার হয়েছে কিন্তু শিক্ষার মান বাড়েনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদের সম্মান করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট অভিযান চলবে।
তিনি আরো বলেন, কৃষি জমি যেন নষ্ট না হয় সেজন্য কৃষি সুরক্ষা আইন নতুন করে করা হচ্ছে। যেন কৃষি জমির অন্যান্য কিছু না হয়। কোনো প্রজেক্ট নিলে যদি কৃষি জমির উপরে বিল্ডিং করতে চায় আমি আজ পর্যন্ত একজনকেও দেইনি। স্বাধীনতার পর আমাদের যে জমি ছিল এখন কিন্তু জমির সংখ্যা কমছে। তখন জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। এখন হয়েছে ১৭-১৮ কোটি। এই জমিই কিন্তু আমাদের খাওয়াইয়া রাখে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রফেসর ড. রসময় কীর্তনী, আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ.ন.ম ইমরান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনসহ শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।
- ওএফ

