ইয়াবা কারবারের অভিযোগ
কক্সবাজারের এসপিকে প্রত্যাহার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) রহমত উল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর পুলিশ সদর দপ্তর এ সিদ্ধান্ত নেয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, কক্সবাজার জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আপনি আগামী ১৮/২/২০২৫ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হলো।
উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) যুগান্তর পত্রিকায় এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। যেখানে এসপি রহমত উল্লাহ সাড়ে তিন লাখ পিস বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে। ইয়াবা বিক্রির সঙ্গে কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল থেকে এসপি পর্যন্ত জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিষয়টি আলোচনায় এলে পুলিশ সদর দপ্তর এ নির্দেশনা জারি করে। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, কক্সবাজারের জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
- ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ

