‘স্যার না ডাকায় উত্তেজিত’ সুনামগঞ্জের সেই পুলিশ সুপার প্রত্যাহার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১
স্যার না ডাকায় উত্তেজিত হওয়া সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জের জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আ ফ ম আনোয়ার হোসেন পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
এর আগে ‘স্যার’ সম্বোধন না করায় উত্তেজিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পত্রিকার শিরোনামে আলোচনায় এসেছিলেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।
ভাইরাল হওয়া ভিডিওতে এসপিকে বলতে শোনা যায়, আজকে চাকরি ছাড়লে কাল নির্বাচন করতে পারব। বিএনপি থেকে নির্বাচন করলে এমপি হতে পারব।
এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িলে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় তাকে নিয়ে। এ ছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘুষ-বাণিজ্যের নানা অভিযোগ রয়েছে।
আব্দুল হালিম/এমজে

