Logo

সারাদেশ

শ্রীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩

অ
শ্রীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

অসুস্থ শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্স সুবিধা, ছুটির টাকা জানুয়ারির মধ্যে পরিশোধ, টিফিন বিল বৃদ্ধি ও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারকারী দুই কর্মকর্তার অপসারণসহ ৯ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছেন রিদিশা কারখানার শ্রমিকরা। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত উপজেলার নয়নপুর বাজার এলাকায় কারখানার গেটের সামনে নয়নপুর-চকপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।  

শ্রমিকদের দাবি, দীর্ঘ সময় কারখানায় কাজ করলেও তারা প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পান না। বিশেষ করে অসুস্থ শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্স সুবিধা, ঔষধ সরবরাহ ও যথাযথ ছুটির অনুমোদন নেই। এছাড়া প্রতি বছরের ছুটির টাকা জানুয়ারির মধ্যে পরিশোধের নিশ্চয়তা, টিফিন বিল বৃদ্ধি এবং শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণকারী দুই কর্মকর্তার অপসারণেরও দাবি জানান তারা।  

আন্দোলনকারী শ্রমিক আতিকুল বলেন, ‘আমরা দুপুর থেকে ৯ দফা দাবিতে আন্দোলন করছি। আমাদের দাবিগুলো দ্রুত আমলে নেওয়া হোক।’

শ্রমিক সুইটি জানান, ‘নারী শ্রমিকরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারখানা থেকে সহজে ছুটি পাওয়া যায় না। তাই আমরা অ্যাম্বুলেন্স সুবিধাসহ আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছি।”*  

রিদিশা কারখানার প্রশাসনিক কর্মকর্তা জসিম জানান, ‘শ্রমিকরা সোমবার দুপুর থেকে আন্দোলনে নেমেছন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি।’  

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ জানিয়েছে, তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবে। তবে আন্দোলন শান্তিপূর্ণ ছিল, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।’ 

আতাউর রহমান সোহেল/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন