Logo

সারাদেশ

ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘরে অবহেলা-অব্যবস্থাপনা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০

অ
ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘরে অবহেলা-অব্যবস্থাপনা

বছরের পর বছর অব্যবস্থাপনা আর অবহেলার শিকার ভাষাশহীদ আবদুস সালামের স্মৃতিরক্ষায় নির্মিত ফেনীর দাগনভূঁঞা উপজেলার সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। দীর্ঘদিন ধরে নতুন বই সংযোজন না হওয়া, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব এবং নানা অব্যবস্থাপনার কারণে এটি এখন পাঠক ও দর্শনার্থী শূন্য। শুধুমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এখানে কিছু আনুষ্ঠানিকতা হয়, বাকি সময় এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে  

সরেজমিনে দেখা গেছে, গ্রন্থাগারের আলমারিতে ইতিহাস, মুক্তিযুদ্ধ, সাহিত্য, ধর্ম, কবিতা, উপন্যাসসহ বিভিন্ন বিষয়ে অনেক বই থাকলেও বেশিরভাগই পুরোনো। ২০১৮ সালের পর থেকে নতুন বই সংযোজন হয়নি, ফলে পাঠকদের আগ্রহ কমে গেছে। গেলো বন্যায় আসবাবপত্র ও আলমিরাগুলো ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বইগুলো টেবিলের ওপর এলোমেলোভাবে পড়ে থাকায় চুরির আশঙ্কাও রয়েছে।  

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা বই পড়তে আসি, কিন্তু পুরোনো বইয়ের কারণে পড়ার আগ্রহ কমে গেছে। বন্যার পর আসবাবপত্র নষ্ট হলেও তা এখনো ঠিক করা হয়নি।’  

ফ্রান্সপ্রবাসী মো. দিদারুল ইসলাম বলেন, ‘ফ্রান্সে আমরা শহীদ মিনার নির্মাণ করে ভাষাদিবস পালন করি। অথচ শহীদ সালামের নিজ গ্রামে স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ খুবই কম। সরকারের আরও উদ্যোগ নেওয়া উচিত।’ 

জাদুঘরের লাইব্রেরিয়ান লুৎফুর রহমান বাবলু জানান, ‘এখানে ভাষা শহীদের স্মৃতিচিহ্ন বলতে কেবল একটি ছবি রয়েছে। বছরের প্রায় পুরো সময়ই এটি পাঠকশূন্য থাকে। গত বছর বন্যায় সাতটি আলমিরা নষ্ট হয়েছে, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’  

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, ‘আমি সরেজমিনে সালামনগর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন করেছি। দ্রুত বইয়ের র্যাক, আলমিরা ও ক্ষতিগ্রস্ত আসবাবপত্র পুনঃস্থাপন করা হবে। ভবিষ্যতে এটি ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।’  

এম. এমরান পাটোয়ারী/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন