প্রাথমিকের শিক্ষার্থীরা ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে : গণশিক্ষা উপদেষ্টা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০
চলতি মাসের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ড্রিম স্কয়ার রিসোর্টে রিডিং সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘ক্লাস থ্রি পর্যন্ত বইগুলোর ৮৫ ভাগের উপরে মাঠে চলে গেছে। আর আমাদের ৪থ ও ৫ম ক্লাসের বই, সেখানে আমরা পিছিয়ে ছিলাম। সেক্ষেত্রেও ৮৪ ভাগ বই মাঠে চলে গেছে। গতকাল (রোববার) আমি রিপোর্টি পেয়েছি। আমি আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারির বইগুলো পেয়ে যাবে।’
তিনি বলেন, ‘কেউ যদি মনে করে কিন্ডারগার্টেনে গেলে বাচ্চার ভালো পড়াশোনা হবে, সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে প্রাইমারি শিক্ষার মান যাতে বাড়ে, আমরা সেই চেষ্টা করছি। যেসব জায়গাতে প্রাইমারি স্কুল ভালো চলে, সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করানোর জন্যই ভিড় করে। দুই নম্বর হচ্ছে, আমরা দেখব যেসব কিন্ডারগার্টেনগুলো চলে তারা যেন আমাদের জাতীয় যে কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য, সেগুলো তারা ফলো করে। কারণ আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দেই। ফলে তারা যেন এগুলো ফলো করে সেটা দেখব।’
তিনি আরও বলেন, ‘পড়াশোনা যাতে ঠিকমতো হয় সরকারি স্কুলগুলোতে; পড়াশোনা দেখার দায়িত্ব আমাদের, তেমনি বেসরকারি স্কুলে পড়াশোনা দেখার দায়িত্বও আমাদের।’
- আতাউর রহমান সোহেল/এমজে

