Logo

সারাদেশ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রদের দ্বন্দ্ব প্রকাশ্যে

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩

অ
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রদের দ্বন্দ্ব প্রকাশ্যে

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রদের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো। সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠনের পর পরই এই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্রদের একাংশের অভিযোগ, জুলাই-আগস্ট বিপ্লবে সিলেটে আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ৫ আগস্ট পরবর্তী নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিচ্ছেন। সর্বশেষ মহানগর আহ্বায়ক কমিটি গঠন করেছেন সংশ্লিষ্টদের পরামর্শ না নিয়েই। এছাড়া অবৈধ ফায়দা নিয়ে কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের অনেককে ঠাঁই দিয়েছেন বলেও গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে।

তবে অভিযোগ সম্পর্কে জানতে গতকাল বার বার চেষ্টা করেও গালিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজ (১৮ ফেব্রুয়ারি) তিনি তাদের হোয়াটসঅ‍্যাপ গ্রুপে এক বার্তা দিয়ে লিখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট মহানগর কমিটিতে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ভুল আসায় পেইজ থেকে কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। কমিটি প্রকাশের পরে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কারো কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে বিভাগীয় প্রতিনিধিদের দিতে বলা হচ্ছে। কমিটি এখন স্থগিত থাকবে।’

‘সবকিছু সংশোধন করে পুনরায় কমিটি প্রকাশ করা হবে। এছাড়াও সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সিলেট এবং সম্মিলিত মেডিকেল কলেজ, সিলেটের কমিটি গঠনের কাজ চলমান আছে। যারা এই ২টা ইউনিটে কাজ করতে আগ্রহী তাদের দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে।’

এদিকে গালিবকে সিলেটে ‘অবাঞ্ছিত ঘোষণা করতে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা ও মহানগর কমিটির একাংশ আজ সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রেস ব্রিফিং ডেকেছেন। তবে অন্য অংশ বলছে, এমন কোনো কর্মসূচি নেই।

মো.রেজাউল হক ডালিম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন