বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টিমের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো হলরুমে আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টিম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য মো. রইস উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না।
তিনি আরও বলেন, পুরস্কার বিতরণ পর্বে কামারগ্রাম কাঞ্চন একাডেমির নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে তার পিতাও পুরস্কার গ্রহণ করতে আসেন। তিনি তাৎক্ষণিকভাবে তার সন্তানের সঙ্গে পুরস্কার গ্রহণ করে চলে যান। পরবর্তীতে জানা যায়, ওই শিক্ষার্থীর পিতা মো. মোনায়েম খান স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু এই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে গণমাধ্যমে ‘আওয়ামী লীগ নেতাকে অতিথি বানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠান’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টিমের সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য মো. নাছির, জাবেদ হোসেন, মো. শাহিন শেখ ও মাসুমা রহমান প্রমুখ। এসময় আলফাডাঙ্গার বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
এমএইচএস

