Logo

সারাদেশ

একসঙ্গে চেয়েছিলেন নৌকা, একইদিনে হলেন গ্রেপ্তার

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৫

অ
একসঙ্গে চেয়েছিলেন নৌকা, একইদিনে হলেন গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় একইদিনে গ্রেপ্তার হয়েছেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোনায়েম খান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলা কারাগারের সামনে থেকে সদর থানার একটি রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা মোনায়েম খানকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর সদর থানা অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

অপরদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা হারিচুর রহমান সোহানকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে একইদিন ভোরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গ্রেফতার করে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের ২৯ ডিসেম্বর আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মোনায়েম খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহান ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান। পরবর্তীতে দল ইনামুল হাসানকে মনোনয়ন দেন। বর্তমানে ইনামুল হাসান আলফাডাঙ্গা থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে মামলার এজাহারভুক্ত আসামি।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন