শেখ হাসিনা কোনোদিন দেশে ফিরতে পারবেন না : খন্দকার নাসির
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮
শেখ হাসিনা আর কোনোদিন দেশে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে এক কৃষক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আলফাডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাদী জিয়াউর রহমানের সভাপতিত্বে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হতে হবে। গত জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে; জাতিসংঘের তদন্ত অনুযায়ী সেটি শেখ হাসিনার নির্দেশে হয়েছে বলে প্রকাশ পেয়েছে। তাই শেখ হাসিনা আর কোনোদিন দেশে ফিরে আসতে পারবে না।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষকদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক মিয়া হাসান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান রেজা পারভেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা প্রমুখ।

