বিএনপি নেতার অনুরোধে হত্যাচেষ্টা মামলার আসামির মুক্তি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০
পটুয়াখালীর বাউফল থানার ওসি কামাল হোসেন ও পুলিশ সুপারের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে হত্যা চেষ্টা মামলার আসামি ও কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেশমার ছেলে শাকিলকে গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনাটি প্রকাশ করেন।
ইলিয়াস হোসেন তার পোস্টে উল্লেখ করেন, ওসি কামাল হোসেন ২ লাখ এবং পুলিশ সুপার ৫ লাখ টাকার বিনিময়ে শাকিলকে মুক্তি দিয়েছেন। ওই পোস্টের সাথে শাকিল ও ওসির ছবি সংযুক্ত করা হয়েছে। এরপর নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করে ওসির ঘুষ গ্রহণের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায়।
তথ্যসূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে অপারেশন ডেভিল হান্টে শাকিল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতে বিএনপির কিছু নেতাকর্মী থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ওসি কামাল হোসেন শাকিলের মুচলেকা নিয়ে বিএনপিতে যোগ দেওয়ার শর্তে মুক্তি দেন। মুচলেকায় কালাইয়া ইউনিয়ন বিএনপির তিন নেতার স্বাক্ষর রয়েছে।
এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শাকিলকে আটক করার পর বিএনপির কিছু নেতা এসে জানান যে, তিনি তাদের কর্মী এবং তার বাবা বিএনপি করতেন। তাদের অনুরোধে শাকিলকে মুক্তি দেওয়া হয়েছে।
সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্ট সম্পর্কে তিনি মন্তব্য করেন, এতে তিনি ধন্য। কারণ এর মাধ্যমে দেশ-বিদেশের মানুষ তাকে চিনতে পেরেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের কিছুদিন পর বাউফল থানায় যোগদান করেন ওসি কামাল হোসেন। এর আগে তিনি পটুয়াখালী কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরিফুল ইসলাম সাগর/এমবি

