উন্নত চিকিৎসার টাকা নেই, শুকিয়ে কংকালসার শিশু তালহা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৪
অর্থাভাবে চিকিৎসা না পেয়ে শুকিয়ে কংকালসার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিশু আবু তালহা। মাত্র আড়াইবছর বয়সী এই শিশুর হাড়গোড় একদম সংখ্যায় গোনা যাচ্ছে।
তাড়াশ পৌর শহরের ভাদাশ মধ্যপাড়া মহল্লার জাকারিয়া ও ইতি খাতুন দম্পতির একমাত্র সন্তান সে। শিশুটির চিকিৎসার জন্য তাদের কোনো সহায়-সম্পদ নেই। তাদের কথা অনুযায়ী, তালহার শরীরের দুর্বলতা গত কয়েক মাসে মারাত্মক আকার ধারণ করেছে। খাওয়ার পর সোজা বমি হয়ে যায়। ফলে শরীর শুকিয়ে কংকাল হয়ে যাচ্ছে।
শিশুর বাবা জাকারিয়া জানান, ‘ওর বয়স যখন ৭ মাস, তখন থেকেই খাবার খেলে সঙ্গে সঙ্গে বমি হয়ে বের হয়ে যায়। শরীর শুকিয়ে যাচ্ছে, আর কিছুতেই কিছু হচ্ছে না। আমি একজন অসহায় দিন মজুর। স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা করিয়েছি। কিন্তু তাতে কোনো ফল মেলেনি। এরপর বগুড়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. এ কে আজাদের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালেও কোনো রোগের নির্ধারণ হয়নি।’
তালহার মা ইতি খাতুন বলেন, ‘আমার সন্তান খাদ্য হজম করতে না পারায় দিন দিন শুকিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা অসহায়, টাকার অভাবে তাকে উন্নত চিকিৎসা দিতে পারছি না।’
শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কোনোভাবেই হাঁটতে-চলতে পারছে না সে। অসহায় বাবা-মায়ের একমাত্র আশা, সমাজের বিত্তবানরা যদি তাদের সহায়তায় এগিয়ে আসেন, তবে তাদের সন্তানকে বাঁচানো সম্ভব হবে।
ফিরোজ আল আমিন/এটিআর

