গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনিসুর রহমান (৪০) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই)। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালান। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা বলেন, ‘গাঁজাসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’
আতিকুর রহমান/এটিআর

