Logo

সারাদেশ

শেরপুরে বাসাবাড়ি ও দোকানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:২৮

অ
শেরপুরে বাসাবাড়ি ও দোকানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

শেরপুর জেলা শহরের গৌরিপুর মহল্লায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির মালিক ও চারজন ভাড়াটিয়ার বাসাবাড়ির সব আসবাবপত্র এবং তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (২০ নভেম্বর) রাতে শেরপুর পৌর শহরের গৌরিপুর বউবাজার সংলগ্ন মো. আব্দুল বারি মিয়ার বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়িতে বসবাসকারী ভাড়াটিয়া মো. মানিক মিয়া, মো. কামাল উদ্দিন, মোছা. মনোয়ারা বেগম ও মো. সোহাগ মিয়া এবং দোকান মালিক শ্রী চয়ন দে, মঙ্গল কালোয়ার, সুবল দে-এর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। 

ক্ষতিগ্রস্ত কামাল উদ্দিন বলেন, ‘রাত সাড়ে সাতটার দিকে আমি আর আমার ছেলে ঘরের ভিতরে ছিলাম। হঠাৎ আমার ছেলে আগুন আগুন বলে চিৎকার দেয়। উঠে দেখি উপরে আগুন জ্বলছে। আমার পাশের রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই রুমের ভাড়াটিয়া মানিক মিয়া।’

তিনি আরও বলেন, ‘রুমটি গত দু'দিন যাবৎ তালাবদ্ধ ছিল। আমাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে ফোন করেন। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। আমার রুমের সবকিছু পুড়ে ছাই হয়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।’

মনোয়ারা বেগম বলেন, ‘আমি কিছুই বের করতে পারিনি। আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

ভাড়াটিয়া সোহাগ মিয়ার স্ত্রী বলেন, ‘আমার স্বামী অসুস্থ। তাই আমরা কিছুই বের করতে পারিনি। সবকিছুই পুড়ে গেছে। আমার প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ ছাড়াও মানিক মিয়া দুই লাখ পঞ্চাশ হাজার, চয়ন দে ৩০-৪০ হাজার, মঙ্গল কালোয়ার ২০-২৫ হাজার, সুবল দে ২৫-৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তারা জানান, বাড়ির মালিক ঢাকায় অবস্থান করায় তাদের রুম তালা দেওয়া ছিল। মালিকের আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর উপজেলার ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। তিনি জানান, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করতে চেষ্টা করবেন। 

এসএস/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন